মঠবাড়িয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস উদগীরণ

মঠবাড়িয়ার গুলিসাখালী ইউনিয়নের হোতখালী গ্রামের এক গৃহস্থ বাড়ির গভীর নলকূলের পাইপ দিয়ে গ্যাস উদগীরণ হচ্ছে। গত ১৮ বছর আগে স্থাপনকৃত হস্তচালিত গভীর নলকূপের পাইপের এ গ্যাস দিয়ে সংশ্লিষ্ট পরিবারের রান্নাবান্নার কাজ করে আসছে। অনুসন্ধানের অভাবে গত ১৮ বছর ধরে গ্যাসের সম্ভাবনাও চাপা পড়ে আছে। ১৮ বছর আগে বসতবাড়ির উঠানে সুপেয় পানির জন্য একটি গভীর নলকূপ স্থাপন করেন। মাটির গভীরে পানির পাইপ বসানোর সময় পাইপ ফেটে শো শো শব্দে গ্যাস উদগীরণ হতে থাকে। পরে মাটির নিচে এ গ্যাসের অস্তিত্ব টের পেয়ে ওই গৃহস্থ পরিবার পাইপের মুখে আগুন ধরলে আগুন জ্বলে ওঠে। এরপর গৃহকর্তা বুদ্ধি খাটিয়ে টিউবওয়েলের গোড়ায় পাইপ লাগিয়ে মাটির তলা থেকে বসতঘরের রান্নার চুলায় সংযোগ দেন। এভাবে প্রায় আড়াই বছর পরিবারের দৈনন্দিন রান্নার কাজ চলে প্রাকৃতিক গ্যাসে।