আগামী শনিবার স্প্যানিশ লিগে মর্যাদার লড়াই এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। অ্যান্টনি গ্রিজম্যানকে পাওয়ার জন্য বার্সার প্রতিনিধিরা আটলেটিকো মাদ্রিদের ফুটবলারের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে নাকি যোগাযোগ করেছিলেন। এ কথা জানার পর আটলেটিকোর পক্ষ থেকে ফিফায় চিঠি দিয়ে বার্সেলোনার নামে অভিযোগ করা হয়। ইতোমধ্যেই ২০২২ পর্যন্ত আটলেটিকোর সঙ্গে চুক্তি করেছেন গ্রিজম্যান। ক্লাবের অভিযোগ, এই অবস্থায় গ্রিজম্যানের সঙ্গে যোগাযোগ করাটা রীতিমতো অবৈধ কাজ।
বার্সা তারকা লিওনেল মেসির ক্লাব যখন এসব ঝামেলা সামলাতে ব্যস্ত তখন এল ক্লাসিকো জেতার জন্য রীতিমতো মরিয়া রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
আগামী শনিবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে মৌসুমে লা লিগার প্রথম এল ক্লাসিকো। যার আগে ইন্ডোরে অনুশীলন করলেন সি আর সেভেন। একই সঙ্গে অবসর সময়ে দেখা গেল পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ব্যালন ডি অ’র জয়ী ফুটবলার। বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং সন্তানদের সঙ্গে রোনালদোর ছবি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পারিবারিক এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোনালদোর বান্ধবী। এরই মাঝে আবার রোনালদোর চোট নিয়ে জল্পনা ছড়িয়েছিল। যার জন্য তাঁর ক্লাসিকোয় খেলা নাকি অনিশ্চিত হয়ে পড়েছে। অবশ্য রোনালদো নিজেই বলে দেন, ‘কোনও চোট নেই। ক্লাসিকোয় খেলতে সমস্যা হবে না।’
ইত্তেফাক/কেআই