‘মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারদের হাত ধরে অনেক দূর যাবে বিশ্ব’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বর্তমানে সারাবিশ্বে মানুষের বিকল্প হিসেবে যন্ত্রকৌশলের পরিধি ব্যাপক হারে বাড়ছে। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারদের হাত ধরে শিল্পক্ষেত্রে বিশ্ব অনেক দূর এগিয়ে যাবে।
 
আজ বুধবার মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে মেকাট্রনিক্স বিভাগের সেমিনার কক্ষে ‘মেকাট্রনিক্স : ভিশন অব দ্য ফিউচার’ শীর্ষক এক সেমিনারে তারা এ কথা বলেন।
 
‘মেকাট্রনিক্স’ বিজ্ঞানের একটি বহুমুখী শাখা। এখানে একইসঙ্গে যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল, কম্পিউটার কৌশল এবং টেলিযোগাযোগ প্রকৌশলের সমন্বয় রয়েছে বলেও বক্তারা জানান। 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালেয়শিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. রইসউদ্দিন খান।
 
মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক।
 
সেমিনারে আমেরিকার ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আলমগীর চৌধুরী, দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুবীর কুমার সাহা, জাপানের সাগা ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আকিয়ু মিয়ারা এবং সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম্স রিসার্চ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. বদিউস সালাম উপস্থিত ছিলেন। বাসস। 
 
ইত্তেফাক/এমআই