নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে রংপুর রাইডার্সের দেয়া উপহার অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি এখন নড়াইলে। বুধবার ভোরে অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে নড়াইলে এসে পৌঁছেছে। সুবিধাবঞ্চিত রোগিরা এখন থেকে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বিপিএল শুরুর আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি-বিন-মুর্তজা দলের মালিক পক্ষের কাছে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর জন্য একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন। মাশরাফির নেতৃত্বে রংপুর রাইডার্স বিপিএল শিরোপা ঘরে তোলার পর রংপুর রাইডার্সের মালিকপক্ষ বসুন্ধরা গ্রুপ তার চাওয়া পূরণে সময় নেননি।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম অনিক জানান, রংপুর রাইডার্সের কাছ থেকে পাওয়া অ্যাম্বুলেন্সটি এখন নড়াইলে। জেলায় অ্যাম্বুলেন্স সমস্যা প্রকট। সুবিধাবঞ্চিত রোগিরা সরাসরি এই অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন।
বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি ‘নড়াইল এক্সপ্রেস’নামে পরিচিত। নড়াইলে মাশরাফির ভক্তদের উদ্যোগে এ বছরের ৪ সেপ্টেম্বর নড়াইলের সার্বিক উন্নয়নের লক্ষে মাশরাফির নেতৃত্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ইতোমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে।
ইত্তেফাক/ইউবি