গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর মাধবপুর এলাকায় মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ফিরোজ খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফিরোজ খান ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর থানার পাশরী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ এলাকায় মাদক বিক্রি এবং নিজে সেবন করতেন। মাদক ব্যবসার টাকা-পয়সার লেনদেন নিয়ে এলাকায় কয়েক মাদক ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ ছিল। ভোরে প্রতিপক্ষ তাকে কুপিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, মাদকব্যবসার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি