বিভাগীয় প্রশাসনের আশ্বাসে ঝালকাঠি বাস মালিক সমিতির ডাকা কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেলে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশানার মো. শহিদুল ইসলাম, বিভাগীয় বাস মালিক সমিতির চেয়ারম্যান শাহ আলম সরদার এবং বাস মালিক ও শ্রমিক নেতারা। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ২ জানুয়ারি বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে পরবর্তি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাস চলাচলের ব্যাপারে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।
গত ১৮ ডিসেম্বর থেকে জেলা ভিত্তিক সড়কের দৈর্ঘ্যের অনুপাত হিসেবে বাস চলাচলের দাবিতে আল্টিমেটাম দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি। এর প্রেক্ষিতে ওই দিন থেকেই ঝালকাঠির উপর দিয়ে, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতির সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি। এই ঘটনায় বাস ভাঙচুরের ঘটনা ঘটে এবং যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।
ইত্তেফাক/ইউবি