১২ ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে ডাকাত ও সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং বাসার গ্রিল কেটে টাকা ও মালামাল হাতিয়ে নেয় বলে জানিয়েছে র‌্যাব।
 
র‌্যাব-২ কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার ৩১ নম্বর তাজমহল রোডে রাস্তার ওপর কয়েকজন ছিনতাইকারী এক পথচারীর হাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য টানাটানি করছিল। এসময় র‌্যাবের টহল দল ধাওয়া করে ছিনতাইকারী চক্রের সদস্য শরিফ (১৮), সোহেল (১৬), হাকিম (১৬), কালু (১৫), সোহেল হোসেন (১৬), শাহীন (১৭) ও রিপনকে (১৪) গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫টি চাকু উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই করে। বিশেষ করে চলন্ত যানবাহনে মানুষের ব্যবহৃত মোবাইলসেট এবং হাতে থাকা ল্যাপটপসহ মালামাল হঠাৎ করে টান দিয়ে নিয়ে চলে যায়। 
 
র‌্যাব-২ আরও জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শেরেবাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পাশ থেকে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- তরিকুল (২১), জাবেদ (২০), রাব্বি (২০), সুজন (২৮) ও রুবেল (২০)। তাদের কাছ থেকে ২টি ছোরা ও ২টি ডেগার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
 
ইত্তেফাক/এমআই