চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রশ্ন ফাঁসের দায় সরকারের নয়: সংসদীয় কমিটি

দেশের বিভিন্ন স্থানে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সরকারের কোনো দায় নেই বলে মনে করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 
 
বুধবার সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটি সভাপতি মোতাহার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রশ্ন সরকার করে না। উপজেলা পর্যায়ে স্কুলওয়ারি প্রশ্ন হয়, তাই দায় সরকারের না। প্রশ্ন কিভাবে ফাঁস হয় আমরা জানি না। তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বৈঠকে কমিটি সুপারিশ করেছে বলে জানান তিনি।
 
সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংসদীয় কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রাথমিকের প্রথম থেকে চতুর্থ শ্রেণির প্রশ্ন করে স্থানীয় শিক্ষক সমিতি। এখানে সরকার বা মন্ত্রণালয়ের হাত নেই। তারপরেও পরীক্ষা বন্ধ করায় তাদের ধন্যবাদ জানাই। কমিটির আরেক সদস্য উম্মে রাজিয়া কাজল সংবাদ সম্মেলনে বলেন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে। উপরের লেভেলেও প্রশ্ন ফাঁস হয়েছে। এর প্রভাব নীচেও পড়ছে।
 
ইত্তেফাক/এমআই