লাল মাফলার দিয়ে ট্রেন থামানো সেই দুই ছোট্ট শিশুর বীরত্বগাথা গল্প আজ সবার কাছে বিস্ময়কর হয়ে উঠেছে। লাল মাফলার দিয়ে ট্রেন থামানোর কারণে রাতারাতি বীর বনে যাওয়া দুই ছোট্ট শিশু শিহাব (৬) ও লিটনকে (৭) সংবর্ধনা দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগ।
বুধবার সকালে পাকশী রেলওয়ে মাঠে রেলওয়ের বিভাগের আয়োজনে দুই শিশুকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এরমধ্যে শিহাব ও লিটনকে নগদ ১৩ হাজার করে টাকা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে।
সংবর্ধনায় সভাপতিত্ব করেন পাকশী বিভাগের ডিআরএম অসিম কুমার তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকশী বিএসটিই আবু হেনা মোস্তফা আলম, ডিটিও শওকত জামিল মোহসী, ডিসিও আনোয়ার হোসেন, ডিএন-২ আসাদুল হক, ডিএনই লোকো শেখ হাসানুজ্জামন, এটিও নাসির উদ্দিন, আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন প্রমুখ।
জানা যায়, রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা রাজশাহীর আড়ানী থেকে শিশু সিহাব ও লিটনকে ট্রেনে করে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে গাড়িতে করে পাকশীর অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সংবর্ধনা শেষে তাদের পুনরায় রেলওয়ে কর্তৃপক্ষের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছাড়াও রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচরারীরা নিজ নিজ সাধ্যমত শিশু সিহাব ও লিটন আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের ৪০০ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেটে রেল লাইন ভাঙা দেখে লাল মাফলার উঁচু করে দুই শিশু উড়াতে থাকে। চলন্ত তেলবাহী ট্রেনটি থেমে যায়। ফলে দুই শিশুর বুদ্ধিতে ইঞ্জিনসহ ৩২টি বগির তেলবাহী ট্রেন দুর্ঘটনা থেকে রেহাই পায়।
ইত্তেফাক/আরকেজি