আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে পিটুনি

আড়াইহাজারে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে অটোচালকরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার আড়াইহাজার পৌরসভার  আড়াইহাজার-মদনপুর সড়কের নোয়াপাড়া এলাকায় পুলিশ কনস্টেবল সুমন(কং নং ২১০৯) সিএনজি দিয়ে মদনপুর যাচ্ছিলেন। নোয়াপাড়া এলাকাতে পৌঁছুলে পিছন থেকে একটি অটোরিকশা তাকে বহন করা সিএনজিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় কনস্টেবল সুমন ক্ষিপ্ত হন। তিনি সিএনজি থেকে নেমে পেছনের অটো চালককে মারধর করেন। এক পর্যায়ে নোয়াপাড়ার কয়েকজন লোক এসে সুমনের উপর চড়াও হয়। তারা মারপিট করলে সুমনের একটি হাত ভেঙে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত পুলিশ কনস্টেবল সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে আখ্যায়িত করেন। তবে এ ঘটনায় পুলিশ সদস্য সুমন মামলা করেছেন বলেও স্বীকার করেন তিনি।

পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউসুফ নামের একজনকে আটক করেছে। আটকৃকত ইউসুফ নোয়াপাড়া গ্রামের মতিনের ছেলে।

নোয়াপাড়া গ্রামের দুলাল জানান, লোকজন বুঝতে পারেনি সুমন পুলিশের লোক।

ইত্তেফাক/নূহু