মিয়ানমারের রোহিঙ্গা হত্যাযজ্ঞ ‘জাতিগত নিধন’ এর সামিল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। গতকাল বুধবার কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে তাদের বসবাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করা জরুরি হয়ে পড়েছে।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বেলা ১১ টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। সেখান থেকে তিনি বিশাল গাড়ি বহর নিয়ে সরাসরি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান। এরপর তিনি তুরস্ক সরকারের অর্থায়নে নির্মিত ২টি ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন এবং হাসপাতালের রোগীদের ব্যবহারের জন্য ২টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হন্তান্তর করেন স্থানীয় প্রশাসনকে। সেখানে জড়ো হওয়া নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের সঙ্গে আলাপ করেন তিনি। তুরস্কের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা জানতে চাইলে রোহিঙ্গারা আবেগআপ্লুত হয়ে মিয়ানমার জান্তা ও উগ্রপন্থি রাখানইদের নির্যাতনের কথা বর্ণনা করেন। এসময় তুরস্কের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বলেন, সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন তুরস্কের প্রধানমন্ত্রী। দুপুর দেড়টার দিকে তুরস্কের প্রধানমন্ত্রী বালুখালী ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। বিকালে কক্সবাজার বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তিনি। ক্যাম্প পরিদর্শনকালে তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তুরস্কের ডেপুটি উপ-প্রধানমন্ত্রী বেকির বোলজার, সমাজকল্যাণ মন্ত্রী ফাতেমা বেতুল ছায়ান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ ঊর্ধ্বতন সরকারি, বেসরকারি কর্মকর্তারা।
ইত্তেফাক/নূহু