ভারতের লোকসভা নির্বাচন ঘিরে সীমান্তে বিশেষ নজরদারি

ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়াসহ ৪৪ কিলোমিটার সীমান্তে বিশেষ নজরদারিতে রেখেছে।

বিজিবি ব্রাহ্মণবাড়িয়া ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবীর জানান, বিএসএফ লোকসভা নির্বাচনের সময়ে আমাদের সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার বিষয়ে সহায়তা চেয়েছে। চলতি মাসের ৬ তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ৪৪ কিলোমিটার সীমান্তে বিশেষ নজরদারিসহ বিজিবি ও বিএসএফ নিজ নিজ সীমান্তে যৌথভাবে টহল জোরদার করেছে। অন্যান্য সময়ে সীমান্তে নজরদারি থাকলেও নির্বাচনকালীন সময়ে বিশৃঙ্খলা রোধে সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার প্রথম দফায় পশ্চিমবঙ্গের জেলা কুচবিহার ও আলিপুরদুয়ারসহ মোট ৯১টি আসনে ভারতে জাতীয় নির্বাচন লোকসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় নির্বাচনকে ঘিরে ফুলবাড়ী সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের জাতীয় নির্বাচন উপলক্ষে গত কয়েকদিন ধরে সীমান্তে বিজিবির বিশেষ টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তে বিজিবির এই বিশেষ টহল আরও কয়েকদিন অব্যাহত থাকবে। নির্বাচনকে ঘিরে দুই দেশের নাগরিক যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বিজিবির বিশেষ টহল বাড়ানো হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের নায়েক সুবেদার জয়েন উদ্দিন ভারতের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে বিজিবির বিশেষ টহল জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন।