সাড়ে তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান উচ্ছেদ অভিযানে গতকাল প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকার ৩৫০টি অবৈধ অস্থায়ী, সেমিপাকা, শেড, র্যাম্প, সিঁড়িসহ অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে মিরপুর ১০ এ হোপ স্কুল রোড, সেনপাড়া বাউন্ডারি রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩টি মামলার মাধ্যমে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান ৩টি হচ্ছে- আলিফ ডেকোরেটর, খালেক হোটেল ও স্বাদ তেহারি। অভিযানকালে অন্যান্যের মধ্যে অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানানো হয়।