মেলান্দহের বীরহাতিজা গ্রাম থেকে বৃহস্পতিবার ইটভাটা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইমান আলী (১৯)। তিনি ইসলামপুর উপজেলার দরিয়াবাদ গ্রামের সোনাহারের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী ও ইটভাটার শ্রমিকরা জানান, ইমান আলী দিনের বেলায় জয়নাল আবেদিনের জেকি ইটভাটায় কাজ করতেন। রাতে পাহারাদার হিসেবে ভাটায় থাকতেন। বুধবার রাতে ওই ভাটার শ্রমিক রাজু, রুমান ও জুয়েল ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ইমান আলীর হাতের রগ ও গলাকেটে হত্যা করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। ইসলামপুর থানার পুলিশ লাশ উদ্ধার করেছে।
সহকর্মী রাজু, জুয়েল ও রুমানকে জ্ঞিাজাসাবাদের জন্য আটক শেষে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় এবং ইটভাটার শ্রমিকদের ধারণা মাদক ও নারী সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ওসি মাজহারুল করিম জানান, ইটভাটার মালিক জয়নাল এবং নিহতের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি