সুন্দরবনের দস্যু ‘বড়ভাই’ বাহিনীর ৮ সদস্য গ্রেফতার

 
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে সুন্দরবনের বনদস্যু ‘বড়ভাই’ বাহিনীর আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে ফুলতলা উপজেলা সংলগ্ন ভৈরব নদীর ভূঁইয়া বাড়ির ঘাটে এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা থেকে এ তথ্য জানানো হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন, মজিদ সরদার (৪০), নূর মোহাম্মাদ সরদার (৫০), মো. কাউছার হাওলাদার (৩৫), আব্বাস আলী ওরফে আলী (৩০), মো. গোলাম কিবরিয়া মল্লিক (২৪), মনিরুজ্জামান মোড়ল ওরফে মনির (৩০), জামাল শেখ (৩৫) ও আলামিন খন্দকার ওরফে আলাল (৪৮)। 
 
IMG0
 
পুলিশ সূত্র জানায়, বিশেষ অভিযানের অংশ হিসাবে জেলা গোয়েন্দা শাখার একটি টিম বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলার ভৈরব নদীতে ভুঁইয়া বাড়ির ঘাটে এফবি খাজা-১ নামের একটি ট্রলারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুইটি বন্দুকের কার্তুজ, ৮টি ধারালো ছোরা, একটি ট্রলার, ৬শ’ লিটার ডিজেল এবং তরিতরকারি উদ্ধার করা হয়। 
 
এছাড়া ডাকাতদলের ব্যবহৃত ট্রলাটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
 
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাছ আলী বলেন, গ্রেফতারকৃতরা সুন্দরবনের বনদস্যু ‘বড়ভাই’ বাহিনীর সদস্য। গ্রেফতারকৃত মজিদসহ চারজনের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় এসআই অর্জুন কুমার দাস বাদী হয়ে ফুলতলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এছাড়া পলাতক বনদস্যুদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে