শাবির সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের জয় এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ভরাডুবি হয়েছে। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভা কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।
 
রিটার্নিং অফিসার জানান, সিন্ডিকেটে দুইটি সদস্য পদে ক্যাটাগরি-১ এ আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অধ্যাপক ড. জহির বিন আলম এবং ক্যাটাগরি-২ এ আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে অধ্যাপক ড. মস্তাবুর রহমান নির্বাচিত হয়েছে।
 
একাডেমিক কাউন্সিলের চারটি সদস্য পদেই জিতেছেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল। তারা হলেন- সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সমাজবিজ্ঞান বিভাগের মো. আনোয়ার হোসেন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ড. আসিফ ইকবাল এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়রিং বিভাগের মো. সাইফুল ইসলাম ও স্থাপত্য বিভাগের সুব্রত দাশ। এদিকে একটি পদেও জয় লাভ করতে পারেনি বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেল।
 
ইত্তেফাক/আরকেজি