জবির ২৭ শিক্ষার্থীকে সম্মাননা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সিএসই বিভাগের সেমিনার কক্ষে পরিসংখ্যান বিভাগ এবং ক্রাউন সিমেন্টের উদ্যোগে শিক্ষানবিশ শিক্ষার্থীদের মাঝে উক্ত সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা শংকর কুমার রায়। ক্রাউন সিমেন্টের ‘বিজনেস রিসার্চ অন ব্র্যান্ড ইকুইটি’ গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে জবি পরিসংখ্যান বিভাগের ২৭ জন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ৬ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং ক্রাউন সিমেন্ট এর রিসার্চ প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী এস এম আতিকুর রহমান উপস্থিত ছিলেন।