স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারা বাতিল-সংশোধনের দাবি নিয়ে শিগগিরই মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের সুপারিশ দেওয়ার জন্য গঠিত কমিটির বৈঠক হয়। এই কমিটির প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট জারি করা হয়। ৬ মাস পেরিয়ে গেলেও আইনটি বাস্তবায়নে যায়নি সরকার। নতুন সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারার বিরোধিতা করে আসছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। তারা আইনের বিভিন্ন ধারা বাতিলের দাবিতে আন্দোলনেও নামে। মালিক-শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে— সড়ক পরিবহন আইনের সব ধারা জামিনযোগ্য করা, সড়ক দুর্ঘটনায় শ্রমিকের অর্থদণ্ড ৫ লাখ টাকার বিধান বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করাসহ বেশ কিছু দাবি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আইনমন্ত্রী, আমি ও রেলমন্ত্রীকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছিল। আজ (গতকাল) আমরা বসেছিলাম। আইনটির যেসব বিষয়ে তারা (পরিবহন মালিক-শ্রমিক) আপত্তির কথা বলেছেন সবগুলো ধারা আমরা দেখেছি। আমাদের মনে হলো আমরা এটাকে আরেকটু ভালো করে দেখে স্টেকহোল্ডারদের সঙ্গে শিগগিরই বসে আমাদের মতামত প্রকাশ করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি, সবগুলো পয়েন্টই আলাপ করেছি। আলোচনার জন্য আমরা আরেকটা দিন ধার্য করেছি, সেদিন স্টেকহোল্ডাররা (পরিবহন মালিক-শ্রমিক) থাকবেন। তাদের কথা শুনে আমাদের মতামতটাও বলব।