চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ও চুনতি এলাকা থেকে জব্দকৃত বালি পরিবহনের দায়ে বালিভর্তি ৩টি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুটিবিলা এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারগুলো জব্দ করা হয়।
জব্ধকৃত বালিভর্তি ডাম্পারগুলো উপজেলা পরিষদ এলাকায় হেফাজতে নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার পুটিবিলা ও চুনতিতে অভিযানে চালিয়ে অবৈধভাবে উত্তোলনকৃত ৭টি বড় বালুস্তূপ জব্দ করা হয়। বালুস্তূপে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেয়া হয়েছে। এসব বালিস্তুপে প্রায় লক্ষাধিক ঘনফুট বালি রয়েছে। বালির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, জব্ধকৃত বালু নিলামে বিক্রি করা হবে। উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারী প্রভাবশালী কিংবা অন্য যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না।
ইত্তেফাক/জামান