আসছে ১৩ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া 'রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে' শিশু বিভাগে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিবে ট্রেন রক্ষাকারী সেই দুই শিশু শিহাব ও লিটন। এ কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম বলেন, 'এর ফলে ৬৪টি দেশ জেনে যাবে ওই দুই শিশুর বীরত্বগাথা।' শুক্রবার সকালে ওই দুই শিশুর সাথে দেখা করে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার ঢাকা থেকে রাতের ট্রেনে বাঘার আড়ানীতে পৌঁছার পর প্রতিমন্ত্রী সর্বপ্রথম দেখা করেন শিহাব ও লিটনের সাথে। এরপর তিনি তাদেরকে একই রকম পোশাক (জ্যাকেট) পরিয়ে ধন্যবাদ জানান। এর আগে সোমবার ট্রেন থামানোর খবর শুনে তিনি ওই দুই শিশুর আজীবন পড়া-লেখার দায়িত্ব গ্রহণ করেন।
মন্ত্রী উভয়ের পিতা-মাতাকে বলেন, 'আপনাদের দুই শিশু দেশের সম্পদ রক্ষা করেছে। তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তাদের মনে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। আমরা এই দুই শিশুকে ভাল কাজের সফলতা স্বরূপ পরিচিত করতে চাই।'
পরে সকাল ১১টায় শাহরিয়ার আলম আড়ানী পৌর সভার ৬টি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করে আড়ানী ইউনিয়নের সাবেক সভাপতি (অসুস্থ) আজিজুর রহমানের সাথে তার বাসায় দেখা করেন। এরপর তিনি পার্শ্ববর্তী চারঘাট উপজেলায় রওনাদেন। এ সময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, প্রকৌশলী সাইফুল ইসলাম, আড়ানী পৌর সভার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার সকালে নিজ গ্রামে ঘুরে বেড়াচ্ছিল আলোচিত ওই দুই শিশু শিহাব ও লিটন। এসময় তারা খেয়াল করলো একটি ট্রেন চলে যাওয়ার সময় বিকট শব্দ হয়। উৎসুক ওই দুই শিশু এগিয়ে গিয়ে দেখে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কিছুক্ষণ পর ওই একই লাইনে তারা আরো একটি ট্রেন আসতে দেখে। বুদ্ধি করে দু'জনেই রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে গলায় ঝুলানো লাল মাফলার উড়াতে থাকে। তাদের এ সংকেত দেখে ট্রেন থামিয়ে দেন চালক কে.এম মহিউদ্দিন।
ইত্তেফাক/জামান