বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের কোন প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তির জনপ্রিয়তা ও আঞ্চলিকতা কাজ করে। কিন্তু জাতীয় নির্বাচনে একটি দলের উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তা ফলাফলে কাজ করে। এ কারণে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হয়েছে। তাই এই নির্বাচনের ফলাফলের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না’।
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া সুগার মিলের ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি’র এমন অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হলেও গণতন্ত্রের জয় হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন’।
তিনি বলেন, বর্তমান সরকার গুম-খুনে বিশ্বাস করে না। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ’৭৫ সালের পরে এ দেশে গুম খুনের রাজনীতি শুরু করেছিলেন। তার ধারাবাহিকতা বজায় রেখেছিল তার দল বিএনপি।
পরে মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া সুগার মিলের ২০১৭-১৮ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। চলতি মৌসুমে এ মিলে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩৮৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই