রাজশাহীতে প্রথমে একটি ট্রাক মোটরসাইকেল চালককে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ট্রাক নিয়ে চালক দ্রুত পালাতে গিয়ে অারো দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। তারাও মারা যান। শুক্রবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর ভূমি অফিসের সামনে বালুর ট্রাক চাপায় নগরীর মতিহার থানার চৌদ্দপাই মোহনপুর এলাকার বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নজরুল ইসলাম (৫০) ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা মিজানুর রহমান বাবু গুরুতর আহত হন। তারা মোটরসাইকেলে পুঠিয়া থেকে মহানগরীর দিকে যাচ্ছিলেন। ঘাতক ট্রাকটি তাদের পেছন থেকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ নজরুলের লাশ ও মিজানুর রহমান বাবুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অন্যদিকে নজরুলের ঘাতক ট্রাকটি দ্রুত পালাতে গিয়ে দুপুর সোয়া ১টার দিকে বানেশ্বর-বাঘা সড়কের শিশুতলা (চোঙ্গগাতলায়) নামকস্থানে চারঘাট থেকে বানেশ্বরের দিকে আসতে থাকা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাটোর কানাইখালির হারুন (২৪) ও সুমন (২৫) ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। চারঘাট থানার ওসি নিরাবণ চন্দ্র বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি