হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার

 
চট্টগ্রামের হাটহাজারীতে মমতাজ বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চৌধুরী হাট বাজার সংলগ্ন একটি টিনশেড বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত মমতাজ বেগম চকোরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমরবাদ এলাকার মো. ইউসুফ আলীর মেয়ে। তার স্বামীর নাম মো. হোসাইন, তিনি একজন এনজিও কর্মকর্তা ও মেহেরপুর জেলাধীন মেহেরপুর থানার বেড়পাড়া শেখ বাড়ির মৃত আমির আলী শেখের ছেলে।  শুক্রবার দুপুর ২টায় ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে।
 
সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ মমতাজ বেগম স্বামী মো. হোসাইনের সাথে চৌধুরী হাটে ভাড়া বাসায় বসবাস করেন। প্রেমের সম্পর্ক করে ৭মাস পূর্বে তারা বিয়ে করেন। বৃহস্পতিবার মধ্যরাতে সাংসারিক বিষয়ে উভয়ের মধ্যে জগড়া হয়। পরে রাতের কোন একসময় স্বামীর শোয়ার ঘরের পাশের রুমে  সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মমতাজ বেগম।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
 
ইত্তেফাক/জামান