চট্টগ্রামের হাটহাজারী ধলই ইউনিয়নের হযরত শাহ জাহান শাহ দরগাহ সড়কের একটি কালভার্টের মাঝামাঝি অংশ ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া রাতের বেলা সেখানে প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে ছোট বড় যানবাহনসহ পথচারীরা।
জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে হাটহাজারী ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ি ও রাউজানের অর্ধলাখ জনগণ যানবাহন-যোগে চলাচল করে। শীঘ্রই কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে যান-চলাচল ব্যাহত হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টির আশঙ্কা করছে স্থানীয়রা।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সড়কটি পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ি ও রাউজানকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সাথে সংযুক্ত করেছে। সড়কের ধলই ৬ নম্বর ওয়ার্ডস্থ সেকান্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টটি অন্তত ১৫দিন পূর্বে ভেঙে মাঝখানে গর্তের সৃষ্টি হয়। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রো, পিক আপ, জিপ, মিনি ট্রাকের মতো কয়েক হাজার যান চলাচল করে।
স্থানীয় পল্লী চিকিৎসক শাহরিয়ার জানান, কালভার্ট ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কার্যকরী ব্যবস্থা না নিলে কালভার্টের গর্ত বড় হয়ে যান চলাচল ব্যাহত হবে। অটোরিকশা চালক জামাল, আবু তাহের ও হাইস চালক আবু তাহের বলেন, 'কালভার্টে সৃষ্ট গর্তের কারণে যান-চলাচলে বাধাগ্রস্ত হচ্ছি। দ্রুত মেরামত না করলে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হবে।'
স্থানীয় ইউপি সদস্য মো. আজম উদ্দিন শরীফ বলেন, 'কালভার্টটি ২০ বছরের পুরানো। এটি ভেঙে নতুন করে একটি কালভার্ট নির্মাণ সময়ের দাবি। আপাতত যান-চলাচল স্বাভাবিক করতে উপজেলা প্রকৌশলীকে এ বিষয়ে অবহিত করা হবে।
হাটহাজারী উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, আমাদের কেউ অবগত করেনি। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/জামান