গফরগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত

 
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সাথে সিএনজি চালিত অটোবাইকের সংঘর্ষে ট্রেনযাত্রী আল আমিন (২৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আল আমিন পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের রেলক্রসিং পার হওয়ার সময় একটি সিএনজি অটোবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনের দরজায় ঝুলে থাকা যাত্রী গার্মেন্টস কর্মী আল আমিন ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা ওই অটোবাইকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
 
গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান বলেন, স্টেশন মাস্টারের কাছ থেকে মেমো না পাওয়ায় এ ব্যাপারে তারা কোন পদক্ষেপ নেয়নি। তবে পাগলা থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান