ছক্কার মারে রোহিতের বিশ্বরেকর্ড

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। গতরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি  করেন তিনি। ১২টি চার ও ১০টি ছক্কায় ৪৩ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এ ম্যাচে ১০টিসহ এ বছর তিন ফরম্যাটে সর্বমোট ৬৪টি ছক্কা মারলেন রোহিত। যা এক বছরে তিন ফরম্যাট মিলিয়ে কোন একজন ক্রিকেটারের সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড।
 
ফলে রোহিতের পেছনে পড়ে গেলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচের ৩৪ ইনিংসে ৬৩টি ছক্কা মেরেছিলেন ডি ভিলিয়ার্স। ওই বছর ১৭২টি বাউন্ডারিও মেরেছিলেন তিনি। তবে এক্ষেত্রে ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলতে পারেননি রোহিত।
 
চলতি বছর ৩১ ম্যাচের ৩২ ইনিংসে ১৬২টি চার মেরেছেন রোহিত। অবশ্য এবার আরো একটি করে ম্যাচ খেলবেন রোহিত ও ডি ভিলিয়ার্স। শ্রীলংঙ্কার বিপক্ষে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবেন রোহিত। আর ২৬ ডিসেম্বর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম চারদিনের টেস্ট খেলতে নামবেন ডি ভিলিয়ার্স।
 
ইত্তেফাক/কেআই