খেলাধুলোর জগতের সঙ্গে বলিডডের যোগসূত্র বহু পুরানো। দিন দিন সে যোগসূত্রটা আরো দীর্ঘ হচ্ছে। অভিষেক বচ্চন, রণবীর কাপুর ও জন আব্রাহামের আইএসএল দল রয়েছে। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিনতা, শিল্পা শেট্টিদের দখলে রয়েছে আপিএল ফ্রাঞ্চাইজির মালিকানা। অক্ষয় কুমার, আলিয়া ভাটরাদের শুভেচ্ছা দূত হিসাবে ক্রীড়ামঞ্চে দেখা যায়। তবে এবার সবাইকে টেক্কা দিয়ে গেলেন ‘বাজিরাও’ রণবীর সিং৷
রণবীর কাপুর, জন আব্রাহামের মতো রণবীর সিংয়ের ফুটবল প্রেম কারও অজানা নয়। প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালের অন্ধ সমর্থক তিনি। গানার্সদের তরফে স্বীকৃতিও মিলেছে। ইংলিশ ক্লাব ফুটবলের ভক্ত রণবীর এবার আরও বড়সড় দায়িত্ব পেলেন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের তরফে। ভারতীয় সুপারস্টারকে এদেশে প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বজুড়ে প্রিমিয়ার লিগের প্রচার চালাবেন তিনি।
প্রিমিয়ার লিগের তরফে টুইটারে রণবীরের সঙ্গে চুক্তির কথা জানিয়ে দেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর বলিডড তারকাকে শুভেচ্ছা জানায় আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে উপস্থিত থেকে লিভারপুলের সঙ্গে আর্সেনালের ৩-৩ গোলের ড্র ম্যাচের উত্তেজনা উপভোগ করেন রণবীর। তাঁর হাতে ক্লাবের ৬৯ জার্সি তুলে দেয় আর্সেনাল কতৃপক্ষ। টুইটারে একাধিক ছবি সহ ক্লাবের প্রতি নিজের আবেগ ব্যক্ত করেছেন ‘বাজিরাও’।
রণবীরের কথায়, ‘প্রিমিয়ার লিগের অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়া সম্মানের বিষয়৷ নিজেকে গর্বিত মনে হচ্ছে। ভারতে প্রিমিয়ার লিগের প্রচারে যথাযথ ভূমিকা নেওয়ার চেষ্টা করব। ফুটবল নিয়ে আমার আবেগ ভাগ করে নিতে চাইব সবার সঙ্গে।’
ইত্তেফাক/ রেজা