বিএনপি এখন ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

বিএনপি নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্য নাকোচ করে দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে কোন মতানৈক্য নেই। দল ইউনাইটেড। ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে। খালেদা জিয়া আমাদের দলের চেয়ারপার্সন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই দল চলছে।
 
তিনি বলেন, বাংলাদেশে গুম হওয়ার প্রচলন আগে ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্লগারসহ সরকারের ভিন্ন মত পোষণকারীদের স্তব্ধ করতেই গুম করা হচ্ছে। কিন্তু কেন এই গুম, এর কারণ বের হচ্ছে না। 
 
শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
মির্জা ফখরুল রসিক নির্বাচন প্রসঙ্গে বিএনপির দুর্বলতা প্রকাশ করে বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে, জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বিএনপির ভোট বেড়েছে।
 
সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
 
ইত্তেফাক/অারকেজি