শিক্ষার মানোন্নয়নে বাণিজ্যিকীকরণ ও রাজনীতিকরণ বন্ধ করতে হবে: উপাচার্য ড. হারুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পেশাদারিত্ব সৃষ্টি না করা গেলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে আজ শনিবার সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উপাচার্য শিক্ষার রাজনীতিকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ এবং শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার ও সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গত জুন মাসে অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনের পর থেকে গত ৬ মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রজতজয়ন্তী পালন, ২০১৬ সালের কলেজ পারফরমেন্স র‌্যাংকিংয়ের ফল ঘোষণা, কলেজ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের (সিইডিপি) অগ্রগতি, গাজীপুর ক্যাম্পাসে মাস্টার প্লান অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা, প্রশিক্ষণার্থী কলেজ শিক্ষকদের জন্য অত্যাধুনিক আবাসন ব্যবস্থা, আইসিটির সর্বোচ্চ ব্যবহার, তথ্য-প্রযুক্তির ব্যবহারসহ আধুনিক ব্যবস্থাধীনে সিনেট অধিবেশন অনুষ্ঠান উল্লেখযোগ্য।
 
এছাড়া একাধিক ভবন নির্মাণের উদ্যোগ ও এর অগ্রগতি, একনেকে ১১৯ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিক পর্যায়ে বরিশাল, রংপুর ও চট্টগ্রামে ৩টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই