রুটের অধীনেই জ্বলে উঠবে ইংল্যান্ড : বেয়ারস্টো

অ্যাশেজ হেরে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকী দু’টেস্টে জয়ের জন্য দল জ্বলে উঠবে বলে জানালেন ইংল্যান্ড উইকেটরক্ষক জনি বেয়ারস্টে। প্রথম তিন ম্যাচ দাপটের সাথে জিতে ইতোমধ্যে অ্যাশেজ সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছেন অস্ট্রেলিয়া। তাই সিরিজের বাকী দু’ম্যাচ হয়ে পড়েছে উত্তেজনাহীন। 
 
তারপরও বাকী দু’টেস্টে জ্বলে উঠতে দল বদ্ধ পরিকর বলে জানালেন বেয়ারস্টো, ‘নিজেদের ভুলেই সিরিজ হেরেছি আমরা। তবে এখান থেকেই ঘুড়ে দাঁড়াতে চাই। জো রুটের অধীনেই আমরা জয় পেতে চাই। রুটের নেতৃত্বেই সিরিজের বাকী দু’ম্যাচে জ্বলে উঠতে বদ্ধপরিকর আমরা।’
 
অ্যাশেজের প্রথম তিন ম্যাচের কোনটিতেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। তাই তিনটি ম্যাচই হেসেখেলে জিতেছে অস্ট্রেলিয়া। এ জন্য এক আসর পর আবারো অ্যাশেজ পুনরুদ্ধার করলো অসিরা। সিরিজ হেরে আলোচনা-সমালোচনায় বিদ্ধ ইংল্যান্ড। চাপে পড়ে গেছেন ইংলিশ অধিনায়ক রুটও। কিন্তু রুটকে চাপমুক্ত করতে সিরিজের বাকী দু’টেস্টে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের ইঙ্গিত দিলেন বেয়ারস্টো। 
 
মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে টেস্টের আগে রুটকে জয় উপহার দেয়ার কথা বললেন বেয়ারস্টো, ‘স্বাভাবিকভাবেই বেশ চাপে রয়েছেন রুট। আমাদের উচিত ছিলো দুর্দান্ত পারফরমেন্স করে তার উপর চাপ তৈরি না করা। কিন্তু আমরা পারিনি। আমরা তাকে ঋনী করতে চাই না। আমরা নিজেদের উপরই ঋনী থাকতে চাই। এটি এমন কিছু যা থেকে আপনি দূরে নন, কঠোর পরিশ্রমের সাথে পারফরমেন্স করতে পারলেই জয় অর্জন করা সম্ভব। পরের দু’ম্যাচেই আমরা জ্বলে উঠতে চাই এবং দু’টি ম্যাচই জিততে চাই।’
 
এদিকে, ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে শিশুসুলভ আচরন না করে শক্তহাতে দলকে পরিচালনার পরামর্শ অস্ট্রেলিয়ার সফল সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরতে পারেনি সে। সত্যিকারর্থে, সিরিজের শুরু থেকেই বেশ চাপে ছিলো সে। এমনকি মাঠের মধ্যেও বেশ চাপ অনুভব করেছে সে। তার মধ্যে শিশুসুলভ ভঙ্গিমা ছিলো। ভালোভাবে সিরিজ শেষ করতে হলে দলকে দক্ষ অধিনায়কের মত পরিচালনা করতে হবে রুটকে।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা