মেলবোর্ন দুর্ঘটনার পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ্যাশেজ সিরিজে বক্সিং ডে টেস্টর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বৃহস্পতিবার ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনের কাছে জনগণের উপর একটি গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ১২ ব্যক্তি আহত হন। যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এ ঘটনায় গ্রেফতার হওয়া গাড়ি চালকের বিপক্ষে ইতোমধ্যে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার পর পরই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সকল খেলোয়াড় ও স্টাফ নিরাপদ আছেন এবং ভিক্টোরিয়া পুলিশ প্রধান ড্যানিয়েল এন্ড্রুস অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুরো ভিক্টেরিয়াতেই বাড়তি পুলিশের উপস্থিতির বিষয়টি ইতোমধ্যেই জনগণকে জানিয়ে দেয়া হয়েছে এবং আসন্ন নব-বর্ষের আতশ বাজি ও অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসব উপলক্ষ্যে এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। চলমান বিগ ব্যাশ, ফুটবল, বক্সিং ডে টেস্টসহ আগামী সপ্তাহে শুরু হওয়া নতুন বছরের আগে সকল উৎসবে বাড়তি পুলিশ নিয়োগ করা হবে।’
চৌকস এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘সব সময়ই এটা বছরের ব্যস্ত একটা সময়। পুরো সম্প্রদায়কে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সব কিছুই ভিক্টোরিয়া পুলিশের রয়েছে।’ বাসস।
ইত্তেফাক/ রেজা