কামারখন্দে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কামারখন্দে ট্রাকচাপায় মনিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের কোনাবাড়ীতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বৈশাখী টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি লিমন ও তার বন্ধু আল আমিন গুরুতর আহত হয়েছে।

নিহত মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের খামার বড়ধুল গ্রামের সোহরাব আলী সরকারের ছেলে। আহত বৈশাখী টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি লিমন ও তামাই গ্রামের মহির উদ্দিনের ছেলে আল আমিনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য উম্মে নূর পিয়ারা এ তথ্য নিশ্চিত করে জানান, সাংবাদিক আরিফুল গণি লিমন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ থেকে বেলকুচিতে যাচ্ছিলেন। কামারখন্দের খামার বড়ধুল হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে ওঠার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম মারা যায়। গুরুতর আহত হয় বৈশাখী টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি লিমন ও তার বন্ধু আল আমিন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাউদ বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি।

ইত্তেফাক/নূহু