৬৫ বছরের ইত্তেফাকের অন্যতম বর্ণিল ইতিহাস হলো এদেশের শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে বাংলাদেশি চলচ্চিত্রের পক্ষে সবসময়ই ছিল ইত্তেফাক। কালের স্রোতে বিনোদন সাংবাদিকতার ধারাবাদলে তাই আজও এ সময়ের তরুণদের অন্যতম আকাঙ্ক্ষার জায়গায় ইত্তেফাক বিনোদন প্রতিদিন। তারকারাও সে কথাই জানালেন। এরপরও খবরের ক্ষেত্রে তাদের কাছে কোন ধরনের প্রত্যাশা বিনোদন সাংবাদিকতায়। খানিক উল্টো করে সেটিই জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে...
নায়করাজ রাজ্জাক গতবছর ইত্তেফাকের বর্ষপূর্তিতে বলেছিলেন, ‘আমার জীবদ্দশায় ৭ থেকে ৮ বার বিভিন্ন পত্রিকায় আমার নিজের মৃত্যু সংবাদ পড়েছি। আমার বলতে খুব ভালো লাগে যে, ইত্তেফাক আমাকে হুটহাট করে মেরে ফেলেনি।’
অগণিত গণমাধ্যম আর বিনোদনের নানা নিউজ পোর্টাল নিয়ে এরপরও শুধু নায়করাজ রাজ্জাক নন, একাধিক তারকার ইন্টারভিউ বা নাটকের খবরে অযাচিত চটকদার খবরের প্রতি এখন তারকাদের আস্থাহীনতা তৈরি হয়েছে। মাত্র ক’মাস আগেই দেশের জনপ্রিয় নাট্য তারকা মোশাররফ করিম শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। অমনি একাধিক নিউজ পোর্টাল তার অসুস্থতা নিয়ে নানা বানোয়াট খবর প্রকাশ করা শুরু করলো। এ প্রসঙ্গে কথা বলতেই মোশাররফ করিম বলেন, ‘দেখুন, এসব ভুয়া খবরে হয়তো আমার কোনো ক্ষতি হয় না বা ব্যক্তিগতভাবে আমি অবিকল থাকি। কিন্তু যারা লিখে ফেললো ‘মৃত্যুশয্যা’য় মোশাররফ করিম। সেই খবর পড়ে আমার গ্রামের আত্মীয়স্বজন বা দেশের বাইরে থাকা বন্ধুরা তো আঁতকে ওঠেন। এই আঁতকে তুলে কোন ধরনের জনপ্রিয় হতে চাইছে বিনোদন সাংবাদিকতা-সেটিই আমার প্রশ্ন।’
এছাড়া গানের ক্ষেত্রেও ইউটিউব ভিউভিত্তিক খবর প্রকাশ হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই বিভ্রান্ত হচ্ছে কে আসলে জনপ্রিয় শিল্পী। এ প্রসঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কুমার বিশ্বজিত্ বলেন, ‘প্রথমে জন্মদিন উপলক্ষে শুরুতেই ইত্তেফাক পরিবারের সকল সৈনিক ও সেনাপতিদের জানাই জন্মদিনের শুভেচ্ছা। পত্রিকাটির জন্ম দীর্ঘদিনের, ঐতিহ্য দীর্ঘদিনের। আর এই ঐতিহ্য বজায় রেখেই পত্রিকাটি তার যাত্রা অব্যাহত রেখেছে। ইত্তেফাকের লোগো দেখলেই আমার পত্রিকাটির প্রতিষ্ঠাতার কথা মনে আসে। বাংলাদেশের জন্যই তিনি এক গৌরবান্বিত নাম। জন্মদিন উপলক্ষে পত্রিকাটির শব্দ সৈনিকদের কাছে আমার প্রত্যাশা, তারা যেন দেশীয় শিল্প-সংস্কৃতির যোগ্যতার যথার্থ মূল্যায়ন করে। বাংলাদেশের অন্যান্য অনেক পত্রিকার বিনোদন পাতা দেখলে মনেই হয় না যে, এগুলো বাংলাদেশের পত্রিকা। ইত্তেফাক এদিক থেকেও ব্যতিক্রম। কারণ ইদানিং মূল্যায়নের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাধ্যম অনেকগুলো হয়ে যাওয়ায় কে যে সেরা তা নিয়ে বিভ্রান্ত হতে হয়। কারণ যে কোনোকিছুর ভিত্তিতে গণমাধ্যমগুলো তাকে নিয়ে অযাচিত হেডিং দিয়ে দিচ্ছে। ইত্তেফাক যেন সেই স্রোতে গা না ভাসায় সেটিই আমার অনুরোধ। ৬৫তম জন্মদিনে পত্রিকাটির দীর্ঘায়ু কামনা করছি।’
দেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘আসলে ইত্তেফাকের সাথে সম্পর্কটা তো অনেকদিনের। বাবাকে দেখতাম ইত্তেফাক পড়তেন। আমিও বিনোদন পাতাটার নিয়মিত পাঠক ছিলাম তখন। একটি বিষয় খুব ভালো লাগে, দেশীয় সংস্কৃতির প্রতি খুবই যত্নশীল এই পত্রিকাটি। দেশের শিল্পীদের ইত্তেফাক খুব ভালো সহযোগিতা করে। আমাদের গণমাধ্যমগুলো আমাদের সংস্কৃতি সংশ্লিষ্ট মানুষদের জন্য প্রতিফলনের মতো। গণমাধ্যমগুলোর দায়িত্বের জায়গাও সেটা। আমি মনে করি ইত্তেফাক সেই জায়গায় সঠিকভাবে কাজ করছে। আশা করি ইত্তেফাকের কাছ থেকে আরও ভালো কিছু পাবো। আরও অনেকবছর যেন ইত্তেফাক পড়তে পারি এই আশা করছি।’
চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘বছরটি নানা কারণেই ঘটনাবহুল। কিন্তু সবচেয়ে সঙ্কটের সময় আমি ইত্তেফাককে পাশে পেয়েছি। কারণ সেসময় আমার জন্য সঠিক তথ্যটি আমার ভক্তদের কাছে পৌঁছানোটা খুব জরুরি ছিল। জন্মদিনে আমার প্রাণঢালা শুভেচ্ছা।’
ঠিক একইভাবে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বছর নানা ঘটনার অন্যতম স্বাক্ষী দৈনিক ইত্তেফাক। কারণ আমার আর শাকিবকে নিয়ে নানা বিভ্রান্তিকর খবরগুলোই আমাকে বেশি কষ্ট দিতো। সেক্ষেত্রে কোনো প্রভাবিত সাংবাদিকতা ইত্তেফাক করেনি, সেকারণে ধন্যবাদ। জন্মদিনের শুভেচ্ছা জানাই।’
কোনো খবর পড়ে দ্বিধায় পড়ে গেলে ইত্তেফাক দেখি: মোশাররফ করিম
ইত্তেফাক পড়তে গ্রামের হাটে চলে যেতাম। কারণ গ্রামেই আমার ছেলেবেলার অনেকটা সময় কেটেছে। সেসময় তো পত্রিকা পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। বেশিরভাগ সময় হাট পর্যন্তই পত্রিকা পাওয়া যেত। তাই প্রতিদিনই হাটে গিয়ে পত্রিকা পড়তে হতো। ইত্তেফাক বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছে। এখন তো অনেক গণমাধ্যম। তবুও কোনো খবর পড়ে দ্বিধায় পড়ে গেলে ইত্তেফাক খুলে দেখি। অনেকগুলো বছর পেরিয়ে এলো এই পত্রিকাটি। যার সাথে আমারও অনেক খণ্ডখণ্ড স্মৃতি জড়িয়ে আছে। শুভকামনা ইত্তেফাক পরিবারের প্রতি। শুভ জন্মদিন দৈনিক ইত্তেফাক।
শাকিব খান
‘বছরটি নানা কারণেই ঘটনাবহুল। কিন্তু সবচেয়ে সঙ্কটের সময় আমি ইত্তেফাককে পাশে পেয়েছি। কারণ সেসময় আমার জন্য সঠিক তথ্যটি আমার ভক্তদের কাছে পৌঁছানোটা খুব জরুরি ছিল। জন্মদিনে আমার প্রাণঢালা শুভেচ্ছা।’
ইত্তেফাক/আনিসুর