এবার সিদ্ধিরগঞ্জে ছাদের পলেস্তারা ধসে শিশু শিক্ষার্থী আহত

সিদ্ধিরগঞ্জে উওর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের প্লাস্টার ধসে মো. তুষার আহমেদ (৮) নামে ৩য় শ্রেণির এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল চলাকালে ছাদের প্লাস্টার ধসে শিক্ষার্থীদের মাথার উপর পড়লে সে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়।

জানা যায়, ১৯৯৫ সালে বিদ্যালয়ের এ পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও শ্রেণি কক্ষের সংকট দেখা দেওয়ায় ওই কক্ষেই নিয়মিত পাঠ দান চলছিল। গতকাল হঠাত্ প্লাস্টার ধসে শিশুর মাথায় পড়ে শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে আসে। তিনি জানান, দুপুরে শ্রেণি কক্ষে পাঠ দান চলাকালে জরাজীর্ণ ভবনের ছাদের প্লাস্টার ভেঙে শিশু তুষারের মাথায় পড়ে। বিদ্যালয়ের সভাপতি ও নাসিক ৪ ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান জানান, জরাজীর্ণ ভবনটি সংসদ সদস্য শামীম ওসমান গত বছর একটি অনুষ্ঠানে এসে পরিদর্শন করে গিয়েছেন। ঐ সময়ই এ পুরাতন ভবনটি ভেঙে নতুন একটি ভবন তৈরির আশ্বাসও দিয়েছিলেন। পরে প্রকৌশলীরা এসে স্কুল পরিদর্শন করে গেছেন। আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আমরা একটি ভবন পেয়ে যাবো।