রংপুরে হিন্দুদের ওপর হামলা; ফজলার রহমানের জামিন নামঞ্জুর

ফেসবুকে ধর্মীয় কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে রংপুরের ঠাঁকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতারকৃত রংপুর জেলা পরিষদের সাবেক উপ-সহকারী প্রকৌশলী ফজলার রহমানের জামিন নামঞ্জুর করেছে আদালত।
 
আজ রবিবার পুলিশ তাকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলামের আদালতে হাজির করে দুই মামলায় ২০ রিমান্ড আবেদন করে। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আগামী ২৭ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
 
এর আগে গত শুক্রবার রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে ফজলার রহমানকে গ্রেফতার করে করে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। পরে গংগাচড়া থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল তাকে ঢাকা থেকে রংপুরে নিয়ে আসেন।
 
প্রসঙ্গত, ফেসবুকে ধর্মীয় কটুক্তির ঘটনাকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর শুক্রবার রংপুরে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় কোতয়ালী ও গংগাচড়া থানায় পৃথক দুটি মামলা হয়।
 
ইত্তেফাক/কেআই