বিএনপি নেতাদের তোপের মুখে এমপি মোকাব্বির

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের একটি সভায় যোগ দিতে এসে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন’ শীর্ষক ওই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় আমন্ত্রিত ছিলেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এক পর্যায়ে এমপি মোকাব্বির খান সভাস্থলে প্রবেশ করতেই শুরু হয় হট্টগোল। কেউ কেউ মোকাব্বিরকে উদ্দেশ্য করে কটু মন্তব্যও করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা দেখা দেয়। মোকাব্বির খানকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে সভা বয়কট করেন বিএনপি নেতারা। পরে এমপি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পাঁচ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়। ফের অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন বিএনপি নেতারা। বিএনপি নেতাদের মধ্যে ওই অনুষ্ঠানে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। নাসিম হোসাইন বলেন, আমরা জানতাম না ওই অনুষ্ঠানে মোকাব্বির খান আসবেন। তাই মোকাব্বির আসতেই আমরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসি। এ সময় মহিলা দলের নেত্রীরা কিছু প্রতিক্রিয়া দেখান। ঘটনার সত্যতা নিশ্চিত করে আয়োজক সংগঠন আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক বলেন, আমরা এই আয়োজনে সিলেটের সব এমপিকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের মধ্যে কেবল মোকাব্বির খান উপস্থিত হন। তিনি আসায় বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল থেকে চলে যান। অনুষ্ঠানে অংশ নেওয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানান, মোকাব্বির খান অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিএনপি নেতারা আপত্তি জানিয়ে বাইরে চলে যান। পরে বক্তব্য দিয়েই মোকাব্বির খানও চলে যান। প্রসঙ্গত, বিএনপিসহ ঐক্যফ্রন্টের আপত্তি উপেক্ষা করেই সম্প্রতি সংসদ সদস্য হিসেবে শপথ নেন সিলেট-২ আসনে গণফোরাম থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান। এতে ক্ষুব্ধ হন জেলা বিএনপি নেতারা।