নওগাঁয় গৃহবধূ জীবন নেছা ওরফে মিনি চৌধূরীকে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিরার ভোররাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বগুড়া জেলার আদমদিঘী উপজেলার অন্তাহার গ্রামের ফিরোজ হোসেনের ছেলে চঞ্চল ও একই গ্রামের মৃত সালাম হোসেনের ছেলে সোহাগ হোসেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেফতার দুইজন নিহতের বাড়িতে রং মিস্ত্রীর কাজ করেছিল। গত ২ ডিসেম্বর তাদের কাজ শেষ হয়ে যায়। কাজের সুবাদে তারা বাড়ির সবকিছু জেনে যায়। কিন্তু গত ৬ ডিসেম্বর তারা আবারও পরিকল্পনা করে টাকা পয়সা লুট করার জন্য ওই বাড়িতে যায়। পরিস্থিতি ঘোলাটা অবস্থা দেখে তারা গৃহবধুকে জবাই করে হত্যা
করে পালিয়ে যায়। এসময় তারা জবাইকৃত ছুরি, জুতা ও সাইকেল রেখে পালিয়ে যায়।
ঘটনার পর নিহত গৃহবধুর দ্বিতীয় মেয়ে শাম্মী সুলতানা তৃনা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে নওগাঁ সদর থানায় মামলা করে। সাইকেলের সূত্র ধরে রবিবার ভোরে তাদের আটক করা হয়। সকালে তাদের নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে ১৬৪ ধারায় তারা তাদের জবানবন্দি দিয়ে নিজেদের ভূল স্বীকার করে। এছাড়া ঘটনার সাথে আরো যারা সম্পৃক্ত আছে তাদের আটক করা হবে।
উল্লেখ্য, নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় নিজের বাড়িতে গৃহবধু জীবন নেছা একাই থাকতেন। তিনি ছিলেন জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও রাতোয়াল গ্রামের মৃত কেসি মশিউর রহমান বাচ্চু চৌধূরীর স্ত্রী।
ইত্তেফাক/নূহু