আদাবরে শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

 
রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় এক গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহকর্মীর নাম আলামিন (১৩)। গতকাল রবিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় গৃহকর্তা জুবায়েরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
 
আদাবর থানার ওসি শাহিনুর রহমান জানান, শেখেরটেকের ৪ নম্বর রোডের ২৩/২৫ নম্বর বাসার তৃতীয় তলায় জুবায়ের ভাড়া থাকেন। ওই বাসায় আলামিন গৃহকর্মীর কাজ করতো।  আলামিনের স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। তিনি আরো জানিয়েছেন, আলামিনের শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
 
আলামিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তার বাবার নাম রুহুল আমিন। প্রায় ছয় মাস আগে জুবায়েরের বাসায় গৃহকর্মীর কাজ নেয় আলামিন। গত শনিবার বাসার লোকজন তাকে মারধর করে। তার পিঠে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়ারও চিহ্ন রয়েছে। আলামিন অসুস্থ হয়েছে- এমন খবর দিয়ে তার স্বজনদের ময়মনসিংহ থেকে ডেকে আনেন গৃহকর্তা। স্বজনরা এসে দেখেন-সে মারা গেছে। এরপরই তারা আদাবর থানায় অভিযোগ করেন।
 
ইত্তেফাক/এমআর