নড়াইলে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী সুলতান মেলা

 
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে নড়াইলে শুরু হচ্ছে ১০দিনব্যাপী সুলতান মেলা। মঙ্গলবার বিকেলে পপুলার লাইফ ইন্সুরেন্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক পৃষ্টপোষকতায় নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
 
এবারের সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড়, চি-বুড়ি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া নড়াইলের কৃতিসন্তান চিত্রশিল্পী এসএম সুলতান, উপমহাদেশের বরেণ্য লোক কবি একুশে পদকপ্রাপ্ত বিজয় সরকার, জারী সম্রাট মোসলেম উদ্দিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, প্রখ্যাত সুরকার কমল দাস গুপ্ত, সাহিত্যিক ডাঃ নীহার রঞ্জন গুপ্ত, দানবীর ফাজেল আহম্মেদ মোল্যাসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হবে।
 
এদিকে ১০ দিনব্যাপী এ মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলো সরব হয়ে উঠেছে। সুলতান মেলায় এবার স্থানীয় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, যুগান্তর, চিত্রা থিয়েটার, ছন্দায়ন, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, ছায়ানট, গ্রেভ, উদীচী শিল্পী গোষ্ঠী, সুরধাম, বেনুকা, ড্রামা সার্কেল, জেলা শিল্পকলা একাডেমীসহ ৩৪টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করবে।       
 
নড়াইলের জেলা প্রশাসক ও  এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোঃ এমদাদুল হক চৌধুরী  জানান, এবার সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন ভাষ্কর্য শিল্পী বীরঙ্গনা ফেরদৌসি প্রিয় ভাষিণী। তিনি জানান, মেলার সমাপনী দিন ৪ জানুয়ারি  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি এ স্বর্ণ পদক প্রদান করবেন।
 
উল্লেখ্য, ১০ আগষ্ট শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এ উত্সব পালিত হয়ে আসলেও বর্ষার কারনে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষন পিছিয়ে যায়। ১৯২৪ সালের ১০ আগষ্ট এই গুণী শিল্পী শহরতলির মাছিমদিয়া গ্রামে রাজমিস্ত্রি পরিবারে জন্মগ্রহন করেন। বরেণ্য এই শিল্পী স্বাধীনতা, একুশেসহ দেশী-বিদেশী অসংখ্য সম্মাননা এবং পুরস্কার লাভ করেন।
 

ইত্তেফাক/এএম।