শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলে অাগুন

ঢাকার শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ইউনিট পুড়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কারখানার ছয় তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তৃতীয় তলায় কারখানার ক্লাসিক ডাইং অ্যান্ড প্রিন্টিং, খান ডাইং অ্যান্ড প্রিন্টিং ও এসজে প্রিন্টিং নামে তিনটি ইউনিট অবস্থিত।
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, ওই সময় কারখানায় উৎপাদনের কাজ চলছিল। আগুনের কিভাবে সূত্রপাত হয়েছে-তা ফায়ার সার্ভিস জানতে পারেনি। ঘটনার পরপর ওই কারখানায় কর্মরত ৩১ জন শ্রমিক প্রাণ বাঁচাতে ছয় তলা ভবনের ছাদে আশ্রয় নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে তৃতীয় তলার ৩টি ইউনিট সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ভবনের ছাদ থেকে ৩১ জনকে নিরাপদে উদ্ধার করে। 
 
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি ফায়ার সার্ভিসের তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে। 
 
ইত্তেফাক/এমআই