জগন্নাথপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

 
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ডাকাতি, পুলিশ অ্যাসল্ট মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি ডাকাত সুফি মিয়াকে (২৬) একটি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের তাহির উল্ল্যার ছেলে।                                                     
 
এসআই হাবিবুর রহমান ও এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহসহ একদল অফিসার ফোর্স পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেফতার করতে বুরাইয়া গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত সুফি মিয়া গুলি করতে চাইলে পুলিশ সাহসিকতার সঙ্গে ঝুঁকি নিয়ে  ডাকাত  সুফি মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি ডাকাত সুফি মিয়া ছাড়াও একই মামলার পলাতক আসামি তার ভাই ইছাক উল্ল্যা (৫৫), রাজা মিয়া (৩২) ও  বোন হেপি বেগমকে (১৮) গ্রেফতার করা হয়। ডাকাত সুফি মিয়ার বিরুদ্ধে এস আই হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে