ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, এবারের সংগ্রাম ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন উপজেলার অবহেলিত জনগণের উন্নয়নের সংগ্রাম। জনগণের উন্নয়ন না করে জনপ্রতিনিধি হওয়া যায় না। বিগত ৪৬ বছরে যারা এই এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন তারা জনগণের কোন উন্নয়ন করেনি। উন্নয়নের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এখানকার জনগণ ঐ সকল নেতাদের প্রত্যাখান করেছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জনগণকে সম্মান করেনি, ইজ্জতও দেয়নি। আমি ঐ সকল জনগণের মান-সম্মান ফিরিয়ে এনেছি। আগামী সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে ৩ উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে রূপান্তিত করবো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় সোমবার বিকালে নিক্সন সমর্থকদের আহ্বানে সদরপুর স্টেডিয়াম মাঠে জনসভার আয়োজন করা হয়।
সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হারিজুর রহমান, আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী মুরাদ, চরনাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্কাছ আলী, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি