জাবিতে ৩০ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী চলাচলে নিষেধাজ্ঞা

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে দর্শনার্থীদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, ওই সময়ের মধ্যে ক্যাম্পাসে কোন ধরনের শিক্ষা সফর, অতিথি পাখি দর্শন ও শ্যুটিংসহ যেকোন ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।
 
এছাড়া নির্বাচনের দিন সকাল ৮টা থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নতুন কলা ও মানবিকী অনুষদ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকবে বলেও জানান রেজিস্ট্রার।
 
তিনি আরো জানান, বিষয়টা সিকিউরিটি অফিস দেখবে। উল্লেখিত দিনগুলোতে যারা অতিথি পাখি দেখতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে আসবেন তারা যেন ক্যাম্পাসে প্রবেশ না করতে পারে সেদিকে তাদেরকে কঠোর নজরদারি রাখতে হবে। তবে ক্যাম্পাসবাসীর আত্মীয়-স্বজন থাকলে তো সেগুলো আটকানো সম্ভব না।
 
ইত্তেফাক/আরকেজি