রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাট উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন সবজি পেঁয়াজের কালি (ফুল) বিক্রির ধুম পড়েছে।
প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ওই বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কৃষকেরা বিক্রির জন্য নিয়ে আসে পেঁয়াজের কালি। প্রতি হাটের দিন প্রায় ৪শ'/৫শ' মণ কালি বিভিন্ন পাইকারি ব্যবসায়ীর মাধ্যম দিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় পৌঁছে যায়।
গোয়ালন্দ উপজেলাধীন উজানচর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ফরিদপুর জেলার দূর্গাপুর এলাকা থেকে শত শত কৃষক এ বাজারে বিক্রয়ের জন্য পেঁয়াজের কালি নিয়ে আসে। বেপারীরা প্রতি কেজি ৮/১০ টাকা দরে কিনে ট্রাক ভর্তি করে ঢাকায় নিয়ে যায়। যা ঢাকায় ২০/২৫ টাকা কেজি দরে বিক্রি করে থাকে।
ফরিদপুর জেলাধীন দূর্গাপুর ইউনিয়নের জুয়াদ্দারডাঙ্গীর এলাকার কৃষক ইসমাইল শেখ (৫৫) জানান, তিনি গতকাল সোমবার ২ মণ পেঁয়াজের কালি বাজারে নিয়ে এসেছিলেন। তার মতো আরো কয়েক শতাধিক কৃষক রয়েছেন তারা বিভিন্ন কৃষকের জমি থেকে কিনে এনে বাজারে একটু বেশি দামে বিক্রি করছেন।
IMG0
পেঁয়াজের কালি'র পাইকারি ব্যবসায়ী কাজল প্রামাণিক জানান, তিনি হাট থেকে ৩০ মণ পেঁয়াজের কালি ৭/৮ টাকা কেজি দরে কিনেছেন। এ এলাকায় পেঁয়াজের আবাদ বেশি হয় বলে, কৃষকরা সে কারণে পেঁয়াজের কালি ভেঙে এ বাজারে বিক্রি করে বাড়তি আয় করেন। অল্প দামে কিনে ঢাকার বাজারে একটু বেশি দামে আমরাও বিক্রি করি।
ইত্তেফাক/জামান