বিটিভির ৫৪ বছর পদার্পণে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

 
দর্শকের কাছে পৌঁছাতে যুগোপযোগী পরিবর্তনের অঙ্গীকার আর প্রত্যয়ের মধ্য দিয়ে ৫৪ বছরে পা রাখলো বাংলাদেশ টেলিভিশন। এ উপলক্ষে প্রতিবারের মতোই এবারো চ্যানেল আই বিশেষ আয়োজন করেছে। ২৫ ডিসেম্বর বিটিভি’র জন্মদিন উপলক্ষে এদিন সকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বিটিভির ৫৪ বছরে পদার্পণের আনন্দঘন মূহুর্তকে আরো আনন্দময় করে তুলতে ‘গানে গানে সকাল শুরু’ বিশেষ পর্ব প্রচার করে চ্যানেল আই। 
 
বিশেষ এ পর্বে গান করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গানের পাশাপাশি টেলিভিশনে শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকূশলীরা স্মৃতিচারণ করেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদসহ বিশিষ্টজনেরা।
IMG0
বিটিভির বর্ষপূর্তিতে চ্যানেল আইয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, বাংলাদেশের যেসব বেসরকারি টেলিভিশন চ্যানেল আছে, সেগুলোর বিকাশে বিটিভির সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। রুচিশীল অনুষ্ঠান তৈরিতেও অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশন দেশের প্রত্যেকটি মানুষের টেলিভিশন। এ টেলিভিশন বাংলাদেশের মানুষদের মনের কথা বলে। বিনোদনের খোরাক জোগায়। মুক্তিযুদ্ধ, দেশ, মাটি ও মানুষের কথা বলে।
 
অনুষ্ঠান শেষে ‘ছোটকাকু ক্লাব’ শীতার্থদের মাঝে শীতের কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ছোটকাকু’র রচয়িতা ও ছোটকাকু ক্লাব’র প্রতিষ্ঠাতা ফরিদুর রেজা সাগর, নারী উদ্যোগক্তা কনা রেজা, ছোটকাকু’র নির্মাতা আফজাল হোসেন, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবুল হায়াত, ফকীর আলমগীর প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর