জনগণের জন্য মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে প্রত্যেক জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অফিস চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার ২০১৭-২০১৮ অর্থবছরে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
শিল্প সচিব বলেন, শুধুমাত্র কয়েকটি জেলায় অফিস সম্প্রসারণ না করে দেশের সকল জেলা ও আঞ্চলিক পর্যায়ে বিএসটিআই এর অফিস চালু করতে হবে। এ লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি আদর্শ জনবল কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেন তিনি।
সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৩টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৩৯টি বিনিয়োগ প্রকল্প, ০৩টি কারিগরি এবং ০১টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৩৭৬ কোটি ৭৮ লাখ টাকা।
এর মধ্যে ‘জিওবি’ খাতে ১ হাজার ৩২০ কোটি ৩৮ লাখ টাকা, প্রকল্প সাহায্য খাতে ৬ কোটি ৪০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
সভায় শিল্প সচিব বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের আরও তৎপর হতে হবে। প্রকল্প বাস্তবায়নকালে উদ্ভূত যে কোনো সমস্যা সামাধানের জন্য ঘন ঘন স্টিয়ারিং কমিটির সভা আয়োজন করতে হবে।
সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই