সাভার উপজেলার আশুলিয়ায় বেশ কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এর নেতৃত্বে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম নয়াপাড়া এলাকায় অবস্থিত বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ছাড়পত্র না নিয়ে ইটভাটা পরিচালনা করায় মেসার্স তুরাগ ব্রীকস, সনি ব্রীকস এবং মাদবর ব্রীকসকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মালিক খুঁজে না পাওয়ায় এবং ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতা করায় সেভেন স্টার ব্রীকস, ভাই ভাই ব্রীকস এবং তিতাস ব্রীকসকে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, প্রয়োজনীয় ছাড়পত্র না নিয়ে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ২০১৩ সংশোধিত (২০১৮) ধারা অনুসারে তিনটি ইটভাটাকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো তিনটি ইটভাটার মালিক খুঁজে না পাওয়ায় সেগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার উপ-পরিচালক মো. খালেদ হাসান, সহকারী পরিচালক মো. মাহাবুবুর রহমান, মো. শরিফুল ইসলাম ও পরিদর্শক গোলাম কিবরিয়া প্রমুখ। এ সময় র্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।