মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধনে করেছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মানিকগঞ্জ ড্রামা সার্কেল, লিপি কম্পিউটারসহ  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ অধ্যাপক  সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, সমাজকর্মী শঙ্কর ঘোষ, ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শহীদ প্রমুখ।

বক্তারা নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি এই বিচার বন্ধ করতে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। তারা আরো বলেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সারা বিশ্বে নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করছে। এটা শুধু আমাদের সমস্যা না, এটা পুরো বিশ্বের সমস্যা। কেবল সামাজিক আন্দোলনই পারে এ অপকর্ম রুখে দিতে।