রাজশাহীর পুঠিয়া উপজেলার ক্ষুদ্র জামিরা ও ভড়ুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে চার জঙ্গিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি জিহাদি বই জব্দ করা হয়। সোমবার রাত সোয়া ৭টার দিকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে র্যাব-৫ সদর দফতরে সংবাদ সম্মেলনে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম।
আটককৃতরা হলেন, মাওলানা হায়াতুল্লা রুবেল ওরফে মাসুদ, আব্দুল রহিম, মিজানুর রহমান মেজা ও মুকুল হোসেন। এদের মধ্যে মাসুদের কাছ থেকে ২টি, রহিমের কাছ থেকে ২টি, মেজার কাছে ১টি ও মুকুলের কাছে ২টি বিতর্কিত জিহাদি বই পাওয়া যায়। মুকুলের বাড়ি ভড়ুয়াপাড়া গ্রামে। অন্যদের বাড়ি ক্ষুদ্র জামিরায়।
র্যাব-৫ অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে পুঠিয়ার ক্ষুদ্র জামিরা গ্রামের বোরজাহানের কলাবাগানে আনসার আল ইসলামের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে। এমন খবরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে হায়াতুল্লাহ রুবেল, আব্দুর রহিম ও মিজানুরকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে তাদের দেওয়া তথ্যে রাত পৌনে ৮টার দিকে ভরুয়াপাড়া গ্রাম থেকে মুকুল হোসেনকে আটক করা হয়।
ইত্তেফাক/আরকেজি