বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নাহিদ আহমদ করিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। করিম উপজেলার মধ্য গ্রামতলা গ্রামের শওকত আলীর ছেলে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গ্রামতলা (কালিবাড়ি বাজার) এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হচ্ছে, উপজেলার গাজিটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সামাদ আহমদ (১৮) ও মুছেগুল গ্রামের জনৈক শাহ্ আলম (২২)। আহতদের রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গ্রামতলা (কালিবাড়ি বাজার) এলাকায় দুটি মোটরসাইকেলের (পালসার নম্বর সিলেট-ল-১২০০৫৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুইটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী নাহিদ আহমদ করিম মাথায় গুরুতর আঘাত পান। অন্য মোটরসাইকেলের দুজন আরোহীও আঘাত প্রাপ্ত হন। রাত ৯টার দিকে আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ আহমদ করিমকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুইটি মোটরসাইকেল থানায় আনা হয়েছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ৮টার দিকের ঘটনা। দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। দুইজন গুরুতর আহত। তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেল দুইটি জব্দ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু